পেইজ লেআউট সফটওয়্যার সাধারনত প্রফেশনালরা, যারা প্রিন্টিং এবং পাবলিশিং-এর সাথে জড়িত, তারা ব্যবহার করে থাকেন। এরপরেও কেউ কেউ ইন-হাউজ পাবলিকেশন বা নিউজলেটারের জন্য এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকেন। পেইজ লেআউটের জন্য জনপ্রিয় যেসব বানিজ্যিক সফটওয়্যার আছে তাদের মধ্যে রয়েছে এডোবি ইনডিজাইন, কোয়ার্ক এক্সপ্রেস ইত্যাদি। পেইজ লেআউট সফটওয়্যারের আরেকটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাবলিশার্স, ঘরোয়া কাজকর্মের জন্য যেটা মোটামুটি চলনসই। বেশ কিছুদিন ধরে যে ওপেন সোর্স সফটওয়্যারের ধারা চালু হয়েছে, সেখান থেকেই পেইজ লেআউটের জন্য বেশ কাজের এক সফটওয়্যার হচ্ছে Scribus।
পেইজ লেআইট সফটওয়্যারের ক্ষেত্রে এডোবি ইনডিজাইন বা কোয়ার্ক এক্সপ্রেসের সাথে সহজেই প্রতিদ্বন্দীতায় নামতে পারে স্ক্রিবাস।অন্য যে কোন পেইজ লেআউট সফটওয়্যারের মতোই স্ক্রিবাসেও আছে পেইজ ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইচ্ছেমতো মাস্টার পেইজ তৈরি করা যায় এবং পরবর্তীতে এই মাস্টার পেইজগুলোকে অন্য কোন ডকুমেন্টেও ইমপোর্ট করে নিয়ে আসা যায়। পেইজ ম্যানেজমেন্টের জন্য এখানে আছে পেইজ প্যানেল যেখান থেকে যে কোন পৃষ্ঠাতে যে কোন সময় যে কোন মাস্টার পেইজ অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যে কোন পৃষ্ঠার পরে বা আগে নতুন পৃষ্ঠা ঢোকানো বা মোছাটাও বেশ সহজেই করা যায়।
স্ক্রিবাসে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ স্টাইল ম্যানেজ করা যায় সহজেই। ক্যারেক্টার ম্যানেজমেন্টে ক্যারেক্টার কার্নিং, স্কেলিং ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব থেকে শুরু করে মার্জিন, ট্যাব ইত্যাদি বিভিন্ন অপশন সেট করে দেয়া সম্ভব। কোন টেক্সট বক্সে লেখালেখির জন্য বা লেখা এডিটের জন্য রয়েছে স্টোরি এডিটর। এর মাধ্যমে সহজেই টেক্সটের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের স্টাইল প্রয়োগ করা যায়। এক টেক্সট বক্স থেকে আরেক টেক্সট বক্সে লিঙ্ক এবং ওভারফ্লো কন্ট্রোল করাও খুব সহজ।
স্ক্রিবাস থেকে পিডিএফ করাটা খুবই সহজ। শুধু এক্সপোর্ট পিডিএফ বাটন চাপলেই ডকুমেন্টটা পিডিএফ-এ কনভার্ট হয়ে বের হয়ে আসবে। কিন্তু শুধু এখানেই সব শেষ নয়, স্ক্রিবাসে আছে পিডিএফ/এক্স-৩ সাপোর্ট। সাধারনত আধুনিক এবং খুব উন্নত প্রিন্টারে এই পিডিএফ/এক্স-৩ ফর্মেটের সাপোর্ট পাওয়া যায়। এই ফর্মেটে এক্সপোর্ট করা ডকুমেন্ট থেকে ডিজিটাল প্রেসে প্রিন্টিং-এর ক্ষেত্রে আর কোন ঝামেলাই হয় না, কালার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবকিছুই ম্যানেজ করা থাকে এই ফর্মেটে। স্ক্রিবাসে এছাড়াও রয়েছে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ তৈরির সুবিধা, তাই অনলাইন ডকুমেন্টস, ফর্ম, ইন্টারঅ্যাক্টিভ ইবুক থেকে শুরু করে অনেককিছুই বানানো সম্ভব এখানে।
স্ক্রিবাসে টেবল তৈরি করার সুবিধা রয়েছে। এছাড়া সাধারন কিছু শেইপ ব্যবহারও করার ব্যবস্থা আছে। আর আছে বেইজার কার্ভ, যার মাধ্যমে ভেক্টর লাইন ড্রইং করে বিভিন্ন ফ্রেম বা শেইপ তৈরি করা সম্ভব।
স্ক্রিবাস সফটওয়্যার শুধুমাত্র লিনাক্স নয়, ম্যাক ওস, উইন্ডোজ এবং ওএস/২ অপারেটিং সিস্টেমেও ব্যবহার করা যায়। কিন্তু একমাত্র সমস্যা হচ্ছে এতে এখনো পুরোপুরি ইউনিকোড সাপোর্ট নেই, এটি এখন ইউরোপিয়ান বিভিন্ন ভাষার কোডিং এবং জাপানিজ ভাষার কোডিং সাপোর্ট করে। তবে এর ওপর কাজ চলছে এবং আশা করা যায় যে খুব শীঘ্রই বিভিন্ন ইউনিকোড ভাষায়, বিশেষ করে ইন্ডিক কোডের সাপোর্ট পাওয়া যাবে এই সফটওয়্যারে।
ফুল সার্কেল লিনাক্সের ওপর বিনিপয়সার অনলাইন ম্যাগাজিন। পিডিএফ ভার্শন নামিয়ে নিয়ে এর পুরোটাই নিয়মিত পড়তে পারেন ঘরে বসেই। এই ম্যাগাজিনের পেইজ লেআউট করা হয়েছে স্ক্রিবাস দিয়ে। এই ম্যাগাজিনের ডিজাইন অতোটা ভালো নয়, এর চাইতেও অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব স্ক্রিবাস দিয়ে। কিন্তু তারপরেও একটা ধারনা নেয়ার জন্য ঘুরে আসতে পারেন ফুল সার্কেল ম্যাগাজিনের ওয়েবসাইট থেকে
কোয়ার্ক এক্সপ্রেস সফটওয়্যারের দাম প্রায় ৭৫০ পাউন্ড (কোয়ার্ক এক্সপ্রেস ৮: ২০১০ সালের জানুয়ারি'র হিসেব অনুযায়ী) আর এডোবি ইনডিজাইন-এর দাম প্রায় ৪৭৪ পাউন্ড (ইনডিজাইন সিএস ৪: ২০১০ সালের জানুয়ারির হিসেব অনুযায়ী)। সেই হিসেবে স্ক্রিবাস সফটওয়্যার পাওয়া যাচ্ছে বিনিপয়সায়। তাই আশা করা যায় সব মিলিয়ে স্ক্রিবাস খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে যেতে পারে পেইজ লেআউট সফটওয়্যারের জগতে। স্ক্রিবাস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
